সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বলিউড অভিনেতা মুকুল দেবের মৃত্যু, শোকস্তব্ধ চলচ্চিত্র অঙ্গন

ডেস্ক রিপোর্ট।।

চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার (২৪ মে) গভীর রাতে দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

অভিনেতা মনোজ বাজপেয়ী সামাজিক যোগাযোগমাধ্যমে মুকুলের মৃত্যুর খবর জানানোর পর বলিউড অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। পরে অভিনেত্রী দীপশিখা নাগপালও ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পুরনো ছবি শেয়ার করে নিশ্চিত করেন খবরটি। তিনি লেখেন, “মাত্র ৫৪ বছর বয়সে বন্ধু চলে গেল! এটা বিশ্বাসই করতে পারছি না, মুকস।”

দীর্ঘ ক্যারিয়ার, বিচিত্র ভূমিকায় প্রশংসিত মুকুল

মুকুল দেব ছোট ও বড় পর্দায় সমান দক্ষতায় অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার, যেখানে পুলিশ অফিসারের ভূমিকায় নজর কাড়েন। ওই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখেন সুস্মিতা সেন।

এরপর তিনি ‘জয় হো’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করে আবারও আলোচনায় আসেন। হিন্দি ছাড়াও মুকুল মালয়ালাম, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, বাংলা ও ইংরেজি ভাষার ছবিতে অভিনয় করেছেন।

বহুমাত্রিক প্রতিভা: অভিনেতা, ভাষাবিদ ও পাইলট

নয়াদিল্লিতে জন্ম নেওয়া মুকুল এক পাঞ্জাবি পরিবারে বড় হয়েছেন। তার বাবা হরি দেব ছিলেন দিল্লি পুলিশের সহকারী কমিশনার। বড় ভাই রাহুল দেবও একজন পরিচিত মুখ বলিউডে।
অভিনয়ের পাশাপাশি মুকুল ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট। তিনি ‘ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি’ থেকে পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন। আফগান সংস্কৃতির সঙ্গে নিবিড় পরিচয় ছিল তার, এবং তিনি পুশতু ও ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন।

চলে গেলেন এক নিঃশব্দ সংগ্রামী শিল্পী

মুকুল দেবের মৃত্যুতে বলিউড হারালো একজন নিরবচেতনায় কাজ করে যাওয়া শিল্পীকে, যিনি কখনোই তারকা খ্যাতির মোহে পড়েননি, বরং চরিত্রের গভীরতা ও অভিনয়ের নিবেদন দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন