রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিচার বিভাগ অবমাননার অভিযোগে এনসিপি নেতার বিরুদ্ধে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট।।

উচ্চ আদালত সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপমানজনক’ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। শনিবার (২৪ মে) এ নোটিশ ইস্যু করা হয়।

নোটিশে বলা হয়েছে, সারজিস আলম যেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান এবং একই সঙ্গে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন। এই নির্দেশনা ২ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।

আইনজীবী জসিম উদ্দিন জানান, নোটিশটি ডাকযোগে পাঠানোর পাশাপাশি সারজিস আলমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে সরাসরি পাঠানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি হাইকোর্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো. ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট খারিজ করে দেয়। এরপর ওই দিন দুপুর ১১টা ৪৯ মিনিটে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি প্রতিক্রিয়া প্রকাশ করেন, যা বিচার বিভাগের প্রতি অবমাননাকর এবং রাষ্ট্রের একটি প্রধান স্তম্ভের মর্যাদাহানি করে বলে দাবি করা হয় নোটিশে।

এ বিষয়ে এখনো সারজিস আলম বা এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন