রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাবেক বিমান বাহিনী প্রধান ও পরিবারের ৩৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

ডেস্ক রিপোর্ট।।

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে থাকা অর্থের পরিমাণ ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা।

শনিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুর্নীতির জটিল অভিযোগে তদন্ত

দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকারের দাখিল করা আবেদনে জানানো হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের অপচয়, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচারসহ নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক।

সম্পদ স্থানান্তরের শঙ্কা

দুদক আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ব্যাংক হিসাব জব্দ এবং সম্পদ হস্তান্তর রোধ জরুরি হয়ে পড়ে।

আসছে আরও আইনি পদক্ষেপ

দুদক সূত্রে জানা গেছে, শুধু ব্যাংক হিসাবই নয়, পরবর্তী ধাপে সংশ্লিষ্টদের নামে থাকা স্থাবর সম্পদ (জমি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি) ক্রোকের জন্যও আইনি প্রক্রিয়া শুরু হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন