বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জাতীয় নির্বাচন ৩০ জুনের মধ্যে, প্রধান উপদেষ্টার অধীনেই ভোটে যেতে সম্মত বিএনপি-জামায়াত-এনসিপি

ডেস্ক রিপোর্ট।।

আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সন্ধ্যায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস দলগুলোর সঙ্গে আলোচনায় বলেন, আগামী ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। এই সময়সীমায় বিএনপি, জামায়াত ও এনসিপি সম্মতি দিয়েছে।

তিনি বলেন, “তিনটি রাজনৈতিক দলই চায়, প্রধান উপদেষ্টার অধীনেই একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা ওনার নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করেছে।”


বৈঠকে কোনও দলই প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেনি। বরং তার প্রতি আস্থা রেখে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছে।


জামায়াত ও এনসিপি মনে করছে, বর্তমানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তবে তারা বলেছে, নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার ও নিরপেক্ষতা নিশ্চিত করলেই পরিস্থিতির উন্নতি সম্ভব।


বিএনপি চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, অন্যদিকে জামায়াত বলেছে, নির্বাচন-সংশ্লিষ্ট সংস্কার প্রক্রিয়া ডিসেম্বর পর্যন্ত চলবে, তাই সময় দরকার।


জুলাই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া এই মাসের মধ্যেই শুরু হবে, জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এটা আইনি ও নৈতিক দায়।” দলগুলো দ্রুত বিচার শুরুর আহ্বান জানিয়েছে।


এনসিপি স্থানীয় নির্বাচনকে গুরুত্ব দিয়েছে এবং আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন