রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ঈদুল আজহাকে সামনে রেখে চামড়ার মূল্য হালনাগাদ, রপ্তানিতে শর্ত শিথিল

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার মূল্য নতুন করে নির্ধারণ করেছে সরকার। গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়ে ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম বেড়েছে ২ টাকা করে, জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া ঢাকায় আনার ওপর ১০ দিনের নিষেধাজ্ঞা জারি থাকবে।”

এছাড়া, রাজধানীতে গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা। খাসির চামড়া ২২-২৭ টাকা এবং বকরির চামড়া ২০-২২ টাকা প্রতি বর্গফুটে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশে অতিরিক্ত চামড়া জমে থাকলে সরকারিভাবে রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, “চামড়া রপ্তানির উপর যে বিধিনিষেধ ছিল, তা এ বছর তুলে নেওয়া হয়েছে।”

চামড়া সংরক্ষণের অংশ হিসেবে মাদ্রাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ বিনামূল্যে বিতরণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পশুর চামড়া নষ্ট হওয়া রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন