সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বায়োচার প্রযুক্তি কৃষিতে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলতে পারে: গাকৃবি উপাচার্য

ডেস্ক রিপোর্ট।।

বায়োচার প্রযুক্তি শুধু মাটির স্বাস্থ্য উন্নত করছে না, বরং এটি কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বারও খুলে দিতে পারে বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে সিসিডিবি ক্লাইমেট সেন্টারে আয়োজিত দেশের প্রথম ‘কার্বন ফেস্ট: এগ্রিডিকার্বাথন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজনটি করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, “বায়োচার মাটিতে দীর্ঘমেয়াদি কার্বন ধরে রাখতে সাহায্য করে, যা পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত করে। একইসঙ্গে আন্তর্জাতিক কার্বন বাজারে এর অন্তর্ভুক্তি কৃষকদের জন্য নতুন আয়ের পথ তৈরি করতে পারে।”

অনুষ্ঠানে বক্তারা জানান, এই ধরনের আয়োজন তরুণদের কার্বন ফাইন্যান্স, কার্বন ক্রেডিট, ট্রেডিং ও জলবায়ু প্রযুক্তির বিষয়ে আরও সচেতন ও আগ্রহী করে তুলবে।

কার্বন ফেস্টের সভাপতিত্ব করেন সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার। আলোচনায় অংশ নেন গাকৃবির কোষাধ্যক্ষ ড. মো. সাইফুল ইসলাম আফ্রাদ, এনভোলিড লিমিটেডের সিইও মোরশেদুল বারী এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রায়হান ফেরদৌস।

এছাড়াও প্যানেল আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্রি, বারি, হেলভেটাস বাংলাদেশ, সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আয়োজনে ছিল পোস্টার প্রদর্শনী, ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা, কার্বন কুইজ এবং জলবায়ু বিষয়ক বিশেষ অনলাইন প্রশিক্ষণ সেশন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে এ উৎসবে সহযোগিতা করেছে এনভোলিড লিমিটেড, আইসিসিসিএডি ও এগ্রোট্রেন্ডস।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন