রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ডিসেম্বরে নির্বাচনের দাবি তারেক রহমানের

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সেই নির্বাচনে ‘জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন’ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

রোববার (২৫ মে) ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। বার্তাটি ছিল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার জন্য।

তারেক রহমান বলেন, “জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কারের জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের ইতিহাসে ‘সবচেয়ে অবাধ, নিরপেক্ষ’ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে, দক্ষ ও সম্মানিত নেতৃত্বে।

তারেক রহমান বর্তমান সরকারকে ‘পতিত স্বৈরাচার’ আখ্যা দিয়ে বলেন, “সেই দুঃসময়ে রাজনীতি, গণতন্ত্র ও দলীয় কাঠামো ছিল দমন-পীড়নের মুখে। এনপিপিও সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিল।”

তিনি আরও বলেন, সময়ের প্রেক্ষাপটে ‘পুঁথিগত নয়, বরং প্রায়োগিক সংস্কার’-ই আজ বেশি গুরুত্বপূর্ণ। “রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আইনি ও সাংবিধানিক সংস্কারের পাশাপাশি প্রায়োগিক সংস্কার এখন সময়ের দাবি।”

বিএনপি নেতা জোর দিয়ে বলেন, “সরকারের জবাবদিহিতা নিশ্চিত না হলে যে কোনো শাসনব্যবস্থা অজান্তেই স্বৈরতন্ত্রে পরিণত হতে পারে। তাই নাগরিকদের মতপ্রকাশ ও সরকারের গঠনমূলক সমালোচনা চলতেই হবে।”

তিনি বলেন, “জনগণ সরকারের করুণা নয়, অধিকার দাবি করে। তাদের দাবিকে মূল্য দিতে হবে সরকারের। এখানেই গণতন্ত্রের সৌন্দর্য।”

তারেক রহমানের মতে, সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো স্থান গণতান্ত্রিক শাসনে নেই। জনগণের ভোটের মাধ্যমেই সঠিক পথ নির্ধারণ সম্ভব।

 

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন