বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শেখ হাসিনাকে ৩ জুন আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে

ডেস্ক রিপোর্ট।।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি আলোচিত মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরাসরি হাজিরার নির্দেশ দিয়েছে। আদালত অবমাননার অভিযোগে দায়ের হওয়া এ মামলায় তাঁকে আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

একই মামলায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা শাকিল আলম বুলবুলকেও হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি বিতর্কিত অডিও ক্লিপ, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অডিওটিতে একজন নারী কণ্ঠে শোনা যায়: “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” ফরেনসিক বিশ্লেষণে নিশ্চিত করা হয় যে, অডিওতে থাকা কণ্ঠটি শেখ হাসিনারই।

প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই মন্তব্য বিচারিক প্রক্রিয়ার প্রতি অবমাননাকর। ট্রাইব্যুনাল ১৫ মে’র মধ্যে লিখিত ব্যাখ্যা চাইলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব জমা না দেওয়ায় ২৫ মে হাজিরার নির্দেশ জারি করা হয়। সেদিনও হাজিরা না দিলে, ২৬ মে ট্রাইব্যুনাল একটি প্রকাশ্য বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ জুনকে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে।

মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে নেতৃত্ব দেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, “আদালতের মর্যাদা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের পক্ষ থেকে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে আইনের প্রয়োগ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন