জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সচিবালয়ের কর্মকর্তাদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছেন। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সচিবালয়ের ক্যু অব্যাহত থাকলে কর্মকর্তাদের পরিণতি হবে ‘পতিত হাসিনার’ মতো।”
হাসনাতের ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, “জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ অগাস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।”
তিনি আরও দাবি করেন, দেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে, তাই সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি।
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, এটি প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি অপ্রত্যাশিত হুমকি।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সাবেক সরকারের পতনের পরবর্তী রাজনৈতিক উত্তাপ এবং প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নানা মহলে নানা আলোচনা চলছে। এনসিপির নেতাদের বক্তব্য প্রশাসনের ওপর চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার মধ্যেও প্রশাসনিক নিরাপত্তা ও নিরপেক্ষতা বজায় রাখা কতটা সম্ভব হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

