১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে মঙ্গলবার (২৭ মে) এই রায় ঘোষণা করেন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতের রায়ের ফলে আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে আজহারের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক এবং ব্যারিস্টার নাজিব মোমেন। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে ৬টি অভিযোগের মধ্যে ৩টিতে মৃত্যুদণ্ড এবং আরও দুই অভিযোগে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেন। পরে আপিল বিভাগ ২০১৯ সালে তার মৃত্যুদণ্ড বহাল রাখলেও, তিনি ওই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে পূর্ণাঙ্গ আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। দীর্ঘ শুনানি শেষে আদালত পূর্বের রায় বাতিল করে আজহারুল ইসলামকে সকল অভিযোগ থেকে খালাস দেন।
এই রায় নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুদ্ধাপরাধবিরোধী সংগঠনগুলো রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একে ‘আইনের বিজয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

