সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মঞ্চে হোঁচট খেলেন শাকিরা, তবু থামল না গান–নাচ

ডেস্ক রিপোর্ট।।

বিশ্বজুড়ে জনপ্রিয় কলম্বিয়ান পপস্টার শাকিরা যেন মঞ্চের জাদুকরী নাম। তার গান আর অনন্য নৃত্যভঙ্গিমায় বারবার মোহিত হন শ্রোতা-দর্শকরা। তবে সম্প্রতি কানাডার মন্ট্রিলে নিজের কনসার্টে পারফর্ম করার সময় ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা—মঞ্চে নাচতে নাচতেই পড়ে গেলেন তিনি!

তবুও থামেননি। পড়েও মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে আবারও ফিরেছেন গানে-নাচে, যেন কিছুই ঘটেনি।

‘লাস মুহেরেস ইয়া নো লোরান’ (বাংলায়: মেয়েরা আর কাঁদবে না) নামের বিশ্বভ্রমণ কনসার্টের অংশ হিসেবে মন্ট্রিলে গান পরিবেশন করছিলেন শাকিরা। গাওয়া হচ্ছিল তার বিশ্ববিখ্যাত হিট গান “Whenever, Wherever”। আর সেই মুহূর্তেই হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি মঞ্চে।

দর্শক-ভক্তদের হাহাকার তখনও শেষ হয়নি, শাকিরা তখন আবার উঠে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে গান ও নাচ চালিয়ে যাচ্ছেন। এই পেশাদারিত্ব দেখে দর্শকেরা শুধু অবাকই হননি, মুগ্ধও হয়েছেন। মঞ্চে তার এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেন বারবার প্রমাণ করে দিচ্ছে—একজন আসল পারফর্মার কখনও থেমে যায় না।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রশংসা করছেন একবাক্যে—
“শাকিরা কুইন!”,
“পেশাদারিত্বের সেরা উদাহরণ”,
“শক্তিই তার সৌন্দর্য”— এমন নানা মন্তব্যে ভরে উঠেছে অনলাইন প্ল্যাটফর্মগুলো।

এখনও পর্যন্ত শাকিরা বা তার টিমের পক্ষ থেকে কোনো বড় ধরনের আঘাতের খবর পাওয়া যায়নি। ভক্তরা তাই আশ্বস্ত হয়ে তার সুস্থতা কামনা করছেন এবং আরও অনেক পারফরম্যান্সে শাকিরাকে দেখার অপেক্ষায় রয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন