সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের চলমান আন্দোলন আলোচনার স্বার্থে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভূমি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কর্মচারী নেতাদের বৈঠক শেষে উভয়পক্ষ এই সিদ্ধান্তের কথা জানান।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, ‘আমরা কয়েকজন সচিব মিলে আন্দোলনকারীদের বক্তব্য শুনেছি। উভয়পক্ষই সরকারের কর্মচারী। তারা অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে, যা সরকারের কাছে উপস্থাপন করা হবে। পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে।’
আন্দোলনকারীদের পক্ষে দুই নেতাও আন্দোলন স্থগিতের বিষয়ে সম্মতি জানান। মঙ্গলবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সচিবালয়ের পাঁচ সচিব এবং আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ কয়েকজন সচিবের সঙ্গে জরুরি সভা করে সরকারি চাকরি অধ্যাদেশের বিষয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। ওই কমিটি কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার জন্য ভূমি সচিবকে দায়িত্ব দেন।
সরকারি কর্মচারীদের এই আন্দোলন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলসহ বিভিন্ন ইস্যুতে চলছিল।

