রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের নিয়োগ আটকে, কর্মচারী ও সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে। স্থানীয় সরকার বিভাগের দেরি ও প্রশাসনিক জটিলতার কারণে এই দায়িত্ব হস্তান্তর আটকে থাকায় মঙ্গলবার নগর ভবনের সামনের প্রধান সড়কে কর্মচারী ইউনিয়নের নেতাকর্মী ও ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন এবং রাস্তা অবরোধ করেন।

সকাল সাড়ে ১১টার পর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এক ঘণ্টার মধ্যে নগরের বিভিন্ন এলাকা থেকে আগত সমর্থকদের মিছিল যোগ দিয়ে আরও তীব্র হয়। বিক্ষোভকারীরা ‘ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা চলবে না’ এবং ‘নগর পিতা ইশরাক ভাই’ এরকম স্লোগান দেন।

বিক্ষোভের নেতৃত্ব দেওয়া একজন নেতা অভিযোগ করেন, ‘আদালতের দুই দফা রায়ের পরও স্থানীয় সরকার উপদেষ্টার অবহেলা ও প্রশাসনিক টালবাহানার কারণে মেয়রের দায়িত্ব হস্তান্তর বাধাগ্রস্ত হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা মেয়র নিয়োগ না হওয়া পর্যন্ত এই সড়ক অবরোধ ও আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে, নগর ভবনের সামনের সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েছেন। হাইকোর্ট মোড় থেকে গুলিস্তান পর্যন্ত যানজট তৈরি হয়েছে, যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতে দেখা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরাও বিক্ষোভের কারণে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব পড়ার অভিযোগ করেছেন। একজন বাসিন্দা বলেন, ‘সরকারি সেবা বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সবার জন্য সেবা নিশ্চিত করতে দ্রুত মেয়র নিয়োগ প্রয়োজন।’

নগর ভবনের অবস্থান ও মেয়র নিয়োগ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন