বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৮১ জন নিহত, ধ্বংসস্তূপের তলায় আরও অনেকে

ডেস্ক রিপোর্ট।।

ইসরায়েলের বিমান বাহিনীর নতুন অভিযানে গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৩ জন গাজা সিটির বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আহতের সংখ্যা ১৬৯ ছাড়িয়ে গেছে, তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের উদ্ধারে কাজ চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৫৩,৯৭৭ জন নিহত এবং ১ লাখ ২২,৯৬৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৬ শতাংশ নারী ও শিশু।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় টানা অভিযান চালিয়ে আসছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও মার্চ থেকে নতুন করে অভিযান শুরু হলে হতাহতের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে।

বিশ্ব সম্প্রদায়ের শান্তি আহ্বানের মধ্যেও পরিস্থিতি ক্রমেই তীব্র হচ্ছে, যা ফিলিস্তিনি নাগরিকদের জন্য গভীর মানবিক সংকট সৃষ্টি করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন