সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

রোনালদোর রহস্যময় বার্তা: আল নাসর অধ্যায়ের শেষ?

ডেস্ক রিপোর্ট।।

এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টেই আবারও শিরোনামে উঠে এসেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে তিন মৌসুম কাটানোর পর তার একটি স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা—তবে কি শেষ হয়ে গেল রোনালদোর সৌদি অধ্যায়?

রোনালদো গতকাল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, “এই অধ্যায়ের সমাপ্তি। কিন্তু গল্পটা? সেটার এখনো বাকি। সবার কাছে কৃতজ্ঞ।” এই বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যে সৃষ্টি করেছে নতুন কৌতূহল ও জল্পনার ঢেউ। অনেকেই ধারণা করছেন, ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই হয়তো নতুন ঠিকানায় পাড়ি জমাতে চলেছেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

সৌদি প্রো লিগে ব্যক্তিগতভাবে দুর্দান্ত সময় কাটালেও, রোনালদোর ক্লাব আল নাসর এখনো কোনো শিরোপার মুখ দেখেনি। গত মৌসুমেও লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও ক্লাবের ট্রফির খালি ঝুলিই হয়তো তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিছুদিন আগেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মন্তব্য করেছিলেন, “রোনালদো ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন ক্লাব বিশ্বকাপের আগেই।” সেই মন্তব্য আর রোনালদোর সাম্প্রতিক পোস্ট মিলিয়ে ফুটবলবিশ্বে জোরালোভাবে ফিরে এসেছে পুরনো গুঞ্জন।

এখন প্রশ্ন একটাই—রোনালদোর ‘পরবর্তী গল্প’ শুরু হচ্ছে কোথায়? উত্তর মিলতে পারে ১৪ জুনের আগেই, যেদিন থেকে শুরু হচ্ছে ২০২৫ ক্লাব বিশ্বকাপ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন