তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী পূর্ণিমার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন একটি বার্তা দিয়েছেন রবিন।
ফেসবুকে একগুচ্ছ ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে রবিন লেখেন, “আলহামদুলিল্লাহ, তিনটি বছর পূর্ণ হলো আমাদের বৈবাহিক জীবনের। এই পথচলা ছিল ভালোবাসা, ধৈর্য এবং অসংখ্য স্মৃতির এক অসাধারণ যাত্রা।”
স্ত্রী পূর্ণিমার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লেখেন, “আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য, যে বোঝে, পাশে থাকে এবং প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। আমার শান্তি, আমার শক্তি—তুমি।”
তিনি কামনা করেন, তাদের দাম্পত্য সম্পর্ক আরও গভীর হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক তাদের জীবনে।
উল্লেখ্য, পূর্ণিমা এর আগে ২০০৭ সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেন এবং ২০১৪ সালে মা হন। সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায় ২০২২ সালে। একই বছর আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। দম্পতির এই নতুন যাত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

