বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ট্রেজার গান দেখতে চাওয়ায় সাম্যকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খাবার খেতে গিয়ে মাদক কারবারিদের কাছে থাকা একটি ইলেকট্রিক শক ডিভাইস (ট্রেজার গান) নিয়ে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, “সাম্য মাদক কারবারিদের হাতে থাকা একটি ডিভাইস দেখে জানতে চান সেটি কী। এ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে রাব্বী নামের এক ব্যক্তি ছুরিকাঘাত করে। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে আটজনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। এই আটজন হলেন—রাব্বী, মেহেদী, পাভেল, রিপন, সোহাগ, রবিন, হৃদয় ও সুজন সরদার। মেহেদীকেই এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ১৩ মে রাত ১১টা ৪৫ মিনিটে সাম্য ও তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে খাবার খেতে যান। সেখানে তিনটি সক্রিয় মাদক কারবারি গ্রুপের একটি নিয়ন্ত্রণ করে মেহেদী। ওই চক্রের একজন সদস্য রাব্বীর কাছে থাকা ইলেকট্রিক শক ডিভাইস নিয়ে সাম্যের আগ্রহ প্রকাশই কাল হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, “ট্রেজার গান দেখতে চাওয়ার জেরে বাকবিতণ্ডা হয় এবং পরে অন্যান্য সদস্যরাও এসে সাম্যকে ঘিরে ফেলে। এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয়।”

ঘটনার দিন মেহেদী একটি কালো ব্যাগে করে সুইস গিয়ার ছুরি নিয়ে আসে এবং তা অন্যান্য সদস্যদের মাঝে সরবরাহ করে বলে জানান ডিবি কর্মকর্তা। পরে মেহেদীর দেখানো স্থান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় দুটি ছুরি উদ্ধার করা হয়।

এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন ইতোমধ্যে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডিএমপি কমিশনার বলেন, “এটি তাৎক্ষণিক ঘটনাই বলে মনে হচ্ছে। তবে তদন্ত এখনো চলমান। আমরা মূল মোটিভ বের করার চেষ্টা করছি। এখনও সব আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়নি।”

তিনি আরও বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরেই তিনটি ভাগে বিভক্ত হয়ে মাদক কারবার চলে। ফুড কোর্টের আশপাশে রাত পর্যন্ত লোকজন থাকায় মাদকচক্র সেখানে অবস্থান নেয়। যেখানে মাদক, সেখানে অস্ত্র—এটা শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক বাস্তবতা।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন