সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতনসহ দাবি আদায়ে কর্মবিরতি তৃতীয় দিনেও অব্যাহত

ডেস্ক রিপোর্ট।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড বেতনসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য তৃতীয় দিনেও পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। শিক্ষকদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা।

কর্মবিরতির কারণে দেশের প্রায় এক কোটি ১০ লাখ শিক্ষার্থীর শ্রেণিকক্ষে পাঠদান স্থগিত রয়েছে। যদিও শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত থাকছেন, তবুও ক্লাস চলছে না।

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই কর্মসূচির আহ্বান জানিয়েছে। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, দুইদিন পার হলেও সরকার বা মন্ত্রণালয় থেকে কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। বরং জেলা ও উপজেলা পর্যায়ের কিছু শিক্ষা কর্মকর্তা শিক্ষকদে্র বিরুদ্ধে শোকজ দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করছেন।

তবে শিক্ষকরা হাল ছাড়ছেন না এবং তিন দফা দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি:
১. গঠিত কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেড বেতন প্রবর্তন।
২. ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূরীকরণ।
৩. প্রধান শিক্ষক পদে দ্রুত ও শতভাগ পদোন্নতি প্রদান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। বর্তমানে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে, যেখানে সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে নির্ধারিত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন