বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পদত্যাগ নিয়ে নাটক করেছে সরকার : সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচনের রোডম্যাপ ও নিরপেক্ষ সরকারের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইনি, চেয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ। কিন্তু তিনি নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই।”

আজ বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—এর যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই সমাবেশে সালাহউদ্দিন আহমেদ বলেন,

“আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকবে। আমাদের আন্দোলনের লক্ষ্য একটাই—নতুন বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী এক ঐক্যবদ্ধ রাজনৈতিক রূপরেখার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু সরকার সুকৌশলে ঐক্য ভাঙার চেষ্টা করছে।”

সমাবেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও দমন-পীড়নের অভিযোগ তুলেন সালাহউদ্দিন। তিনি দাবি করেন,

“আওয়ামী লীগ ব্রিটিশদের থেকেও বেশি লুট করেছে। তারা প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে, ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ। বিদ্যুৎ ও ব্যাংক খাতের লুটপাট দিয়ে ৩৬টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল।”

তিনি বলেন, “আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা একনায়কতন্ত্রে বিশ্বাসী।”

সালাহউদ্দিন বলেন,

“তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। আমরা গণতন্ত্রের জন্য লড়েছি, রক্ত দিয়েছি। এখন সময় ঐক্যবদ্ধ থাকার।”

তিনি আরও অভিযোগ করেন,

“তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকারীদের নানা দেশে এজেন্ট বলে অপবাদ দেওয়া হচ্ছে। এসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমাদের দমানোর জন্য।”

এই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ভিডিও বার্তায়)।
সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।
সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন