বাংলাদেশ ফুটবলে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে—প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। তার পাশাপাশি কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সামিত সোম ও ইতালিয়ান ক্লাব ফুটবলের মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম জায়গা পেয়েছেন সদ্য ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে।

৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী ইতোমধ্যে ফিফার সব নিয়ম মেনে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামতে ২ বা ৩ জুন ঢাকায় পৌঁছাবেন তিনি।
অন্যদিকে, কানাডায় খেলা সামিত সোমও সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রস্তুত দেশের প্রতিনিধিত্ব করার জন্য। তার ঢাকায় পৌঁছানোর সম্ভাব্য তারিখ ৪ জুন।
এদিকে, ইতালি থেকে ফাহামিদুল ইসলাম মঙ্গলবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তিনি এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন ফরোয়ার্ড সুমন রেজা। তবে ভারতের বিপক্ষে সর্বশেষ খেলা ২৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন গোলরক্ষক চন্দন রায়। ৩০ মে থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।
১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিপুল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু টিকিট কেনা হয়ে উঠছে এক বড় চ্যালেঞ্জ। অনলাইনে বিক্রি করা টিকিটের জন্য ঘন্টার পর ঘণ্টা চেষ্টা করেও অনেকেই কিনতে পারেননি।
মঙ্গলবার বিকেলে বাফুফের টিকেটিং পার্টনার টিকিফাই এক বিবৃতিতে জানায়,
“টিকিট সেলস ক্লোজড।”
এতে হতাশ হয়েছেন বহু সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন।
বিশ্লেষকরা বলছেন, প্রবাসী ফুটবলারদের দলে অন্তর্ভুক্তি দেশের ফুটবলে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। দীর্ঘদিন ধরেই দক্ষ মিডফিল্ডার ও ফরোয়ার্ড খুঁজে ফিরছিল বাংলাদেশ দল। হামজা, সামিত ও ফাহামিদুলের উপস্থিতি দলে গতি ও কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

