সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মেসি-সুয়ারেজ ঝলকে ফিরল মিয়ামির জয়

ডেস্ক রিপোর্ট।।

চার ম্যাচ ধরে জয়হীন থাকার পর অবশেষে ইন্টার মিয়ামি ফিরেছে জয়ের ধারায়। আর সেই জয়ে বড় অবদান রাখলেন পুরনো জুটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুজনই করেন জোড়া গোল। তাদের দুর্দান্ত বোঝাপড়ায় মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে মন্ট্রিয়ালকে ৪-২ গোলে হারায় ফ্লোরিডার ক্লাবটি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ফোর্ট লডারডেলের মাঠে হওয়া ম্যাচে ৯ ম্যাচে এটি মিয়ামির মাত্র দ্বিতীয় জয়। এই জয়ে পূর্ব কনফারেন্সের পয়েন্ট টেবিলে তারা উঠে এসেছে ষষ্ঠ স্থানে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মিয়ামি। প্রথম গোলটি আসে ২৭ মিনিটে, আর্জেন্টাইন সুপারস্টার মেসির পা থেকে। এরপরই শুরু হয় সুয়ারেজ শো।

৬৮ ও ৭১ মিনিটে পরপর দুই গোল করে সুয়ারেজ নিজের গোলসংখ্যা এবার এমএলএস মৌসুমে ৪-এ নিয়ে যান। প্রথম গোলটি ছিল মেসির অ্যাসিস্টে। তিন মিনিট পর মন্ট্রিয়ালের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে সুয়ারেজ করেন নিজের দ্বিতীয় গোল।

ম্যাচশেষে সুয়ারেজ বলেন,

“আমরা হারের বৃত্তে পড়ে গিয়েছিলাম। এই জয় আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। আমরা ভুল থেকে শিখছি।”

কোচ হাভিয়ের মাচেরানোও খুশি তার দুই ফরোয়ার্ডের পারফরম্যান্সে। তিনি বলেন,

“মেসির দুর্দান্ত নেতৃত্বের পাশাপাশি লুইসও দেখিয়েছে, সে এখনো কতটা কার্যকর।”

তবে জয়ের দিনে কিছুটা হতাশার ছোঁয়াও ছিল মিয়ামি শিবিরে। প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন জর্দি আলবা, গনজালো লুহান ও তমাস আভিলেস। ইতিমধ্যেই মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট চোটের কারণে বাইরে ছিলেন।

মন্ট্রিয়ালের হয়ে ৭৪ মিনিটে গোল করেন দান্তে সিলি, আর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ভিক্টর লোটুরি ব্যবধান কমান। কিন্তু ৮৭ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে মেসির দ্বিতীয় গোল তাদের প্রত্যাবর্তনের আশাকে নিভিয়ে দেয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন