বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গণতান্ত্রিক শহীদদের জন্য দোয়া কামনায় তারেক রহমান: “শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে”

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রত্যাশিত দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তারেক রহমান বলেন,

“শুধু জিয়াউর রহমান নয়, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—সেই প্রত্যাশা নিয়েই সবার কাছে দোয়া চাই। আমরা যেন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

তারেক রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সময়ের পরিক্রমায় নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে।

“রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ শহীদ হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। হাজারো পরিবার হারিয়েছে আপনজনকে,” — বলেন তিনি।

তারেক রহমান উল্লেখ করেন,

“বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে রাষ্ট্রীয় নিপীড়নে বহু মানুষ নিহত হন। জাতিসংঘের তথ্যমতে অন্তত ৬৬ জন শিশু নিহত হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি।”

তিনি বলেন, এই ঘটনার পেছনে যারা দায়ী, তাদের বিচারের দাবি আন্তর্জাতিক মহলেও উঠেছে।

তারেক রহমান বলেন,

“আমাদের দায়িত্ব, শহীদদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা। যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তারা যে বাংলাদেশ চেয়েছিলেন, আমরা যেন সেই দেশ গড়তে পারি—এটাই আমাদের সবার প্রার্থনা হওয়া উচিত।”

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। এতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন