সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

কৃষি ও মৎস্য খাতে চীনের প্রযুক্তিগত সহায়তা চাইল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও–এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষি ও সামুদ্রিক মৎস্য খাতে চীনের প্রযুক্তিগত সহায়তা কামনা করেন শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন,

“কৃষিতে ড্রোন প্রযুক্তি প্রয়োগ করে সার, বীজ ও কীটনাশক ছিটানো এবং ফসল পর্যবেক্ষণে বিপ্লব ঘটানো সম্ভব। চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য মূল্যবান হতে পারে।”

বৈঠকে গভীর সমুদ্রে মাছ আহরণ ও প্রক্রিয়াকরণে আধুনিক প্রযুক্তি ও জাহাজ সরবরাহে চীনের সহায়তা চাওয়া হয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন,

“বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা থাকলেও আধুনিক জাহাজ ও প্রযুক্তির ঘাটতিতে সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।”

বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও ই-কমার্স সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) সই হয়। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন শেখ বশিরউদ্দীন এবং চীনের পক্ষে ওয়াং ওয়েনতাও।

চীনের বাণিজ্যমন্ত্রী বলেন,

“চীন স্মার্ট কৃষি, ফিশিং ও অ্যাগ্রো টেকনোলজিতে বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত। পাশাপাশি বিনিয়োগ বাড়িয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও গতিশীল করা সম্ভব।”

বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা ও প্রতিযোগিতামূল্য ব্যয় তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা চামড়া, হালকা প্রকৌশল, কৃষিযন্ত্র ও ওষুধ শিল্পে চীনের বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানো এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়েও আলোচনা হয়।

চীনা প্রতিনিধিদলে ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব, কৃষি সচিব, শিল্প সচিব ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান প্রমুখ।

চীনের বাণিজ্যমন্ত্রী তিন দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন