সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সাবেক এমপি ইকবাল হোসেন সবুজসহ তিনজনের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট।।

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকার পরিপ্রেক্ষিতে গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, তার স্ত্রী নিগার সুলতানা ঝুমা এবং ছোট ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসাইনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

রোববার (১ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে আবেদন উপস্থাপন করেন সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম। আদালত শুনানি শেষে তিনজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

দুদক সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত এখনো চলমান। এমন প্রেক্ষাপটে তারা দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কার ভিত্তিতে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়।

দুদকের আবেদনে বলা হয়, “অভিযুক্তরা দেশ ছাড়লে তদন্ত ব্যাহত হতে পারে। অভিযোগের স্বচ্ছ অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ গমন ঠেকানো জরুরি।”

মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ একাদশ জাতীয় সংসদে গাজীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হন। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাজিত হন।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইকবাল হোসেন সবুজ।

দুদক জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনে আরও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অনুসন্ধানে যদি প্রমাণিত হয় যে অভিযুক্তরা দুর্নীতি করেছেন, তাহলে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন