২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বড় ধরনের বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের আর্থিক ও পেশাগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকেলে জাতীয় বাজেট উপস্থাপনকালে তিনি জানান, “শিক্ষকদের মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার” দেওয়া হয়েছে। এই খাতকে দেশের ভবিষ্যৎ বিনির্মাণের মূল চালিকা শক্তি হিসেবে দেখছে সরকার।
অর্থ উপদেষ্টা জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ও গ্রাচ্যুইটির পরিমাণ বাড়ানো হবে। এর ফলে তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং শিক্ষকতা পেশাকে আরও মর্যাদাপূর্ণ হিসেবে প্রতিষ্ঠা করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে বর্তমানে ৬২টি প্রকল্পে প্রায় ১,৯৫৭ কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সংযোজন, শ্রেণিকক্ষ সম্প্রসারণসহ নানা কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।
তিনি আরও বলেন, “শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
চলতি অর্থবছরে উপবৃত্তি পেয়েছে:
-
মাধ্যমিক পর্যায়ে: ৫১ লাখ শিক্ষার্থী
-
উচ্চ মাধ্যমিকে: ৮ লাখ শিক্ষার্থী
-
স্নাতক পর্যায়ে: ১ লাখ ৬৫ হাজার অসচ্ছল মেধাবী শিক্ষার্থী
এই সহায়তা চালু থাকছে নতুন অর্থবছরেও।
২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৪৭,৫৬৩ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় ৩,৪৫৫ কোটি টাকা বেশি। অর্থ উপদেষ্টা বলেন, “এই অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে শিক্ষাখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন সম্ভব হবে।”
শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও দক্ষতা-নির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রণোদনা, প্রশিক্ষণ কার্যক্রম ও ডিজিটাল শিক্ষা কাঠামো তৈরির ওপর জোর দিচ্ছে সরকার

