বলিউডের ভাইজান সালমান খান একসময় নিরাপত্তা ছাড়াই সাইকেলে ঘুরতেন মুম্বাইয়ের রাস্তায়। কিন্তু লরেন্স বিষ্ণোইয়ের হত্যার হুমকির পর থেকে তাঁর জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। এখন আর আগের মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছেন না তিনি। নিরাপত্তার বেষ্টনী থেকে বের হওয়া যেন তাঁর জন্য বড় সিদ্ধান্ত।
সোমবার (২ জুন) সন্ধ্যায় নিজের বাড়ি গ্যালাক্সি আবাসনের সামনে হঠাৎ রাস্তায় নামতে দেখা গেছে সালমান খানকে। এতদিন পর এই দৃশ্য দেখে তার ভক্তরা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে পড়েন। যদিও সালমান নিরাপত্তারক্ষীদের সঙ্গেই ছিলেন, তবু সরাসরি নিজ বাড়ির সামনে পায়ে হেঁটে বের হওয়ায় অনুরাগীদের মুখে হাসি ফুটেছে।
গত কিছুদিন আগে তাঁর বাড়িতে এক অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষ ঢুকে পড়ার ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। জীবনহানির ভয়ে কখনো কখনো তিনি বাইরে না যাওয়াই শ্রেয় মনে করেন। এর মধ্যেও এতদিন পর নিজ বাড়ির সামনে নামায় সালমানের সাহসিকতাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে।
এদিকে, নিরাপত্তার কারণে সম্প্রতি তিনি ফটোসাংবাদিকদের ছবি তুলতে দিচ্ছেন না। তাই এই মুহূর্তের ঝলক ভক্তদের কাছে বিশেষ উপহার বলে মনে করা হচ্ছে।

