আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যাত্রীবেশে ডাকাতি ঠেকাতে প্রতিটি যাত্রীর ছবি বাসে ওঠার সময়ই তোলা হবে। প্রতিটি বাসে থাকবে প্রশাসনের জরুরি টেলিফোন নম্বরও।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে দেওয়া হবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিকপক্ষকে নির্ধারিত ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা এতে সম্মতি দিয়েছেন।
নিরাপত্তা নিয়ে আরও কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জরুরি প্রয়োজন ছাড়া কোনো ছুটি দেওয়া হবে না। পাশাপাশি কম দক্ষ চালকদের বদলে প্রশিক্ষিত চালক দিয়ে গাড়ি চালানোর বিষয়ে মালিকরা সম্মত হয়েছেন।”
যাত্রী সেবার মান ও ভাড়া তদারকিতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।
পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক ও পুলিশ একসঙ্গে কাজ করবে। চাঁদাবাজির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে তিনি বলেন, “মালিক, শ্রমিক, এমনকি রাজনৈতিক পরিচয়ধারী কেউই ছাড় পাবে না। সবার জন্য নিয়ম এক।”

