বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাজেটে বৈষম্যহীন অর্থনীতি গঠনের প্রতিফলন নেই: এনসিপি

ডেস্ক রিপোর্ট।।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, সরকার বর্তমান অর্থনৈতিক বাস্তবতা শনাক্ত করতে পারলেও একটি বৈষম্যহীন, রূপান্তরমুখী অর্থনীতির প্রতিচ্ছবি বাজেটে প্রতিফলিত হয়নি।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকার একটি সংকটাপন্ন অর্থনীতির দায়িত্ব নিয়েছে, যেখানে লুটপাট, ঋণগ্রস্ততা ও অদক্ষ ব্যবস্থাপনা পূর্ববর্তী সময়েরই ফল। সেই পুরনো অর্থনৈতিক কাঠামোর ছাপ আমরা নতুন বাজেটেও দেখতে পাচ্ছি।”

তিনি জানান, বাজেটে ধনী-গরিবের বৈষম্য কমাতে কার্যকর পরিকল্পনা নেই। “কর ব্যবস্থার সংস্কার হয়নি, কর ফাঁকিদাতাদের ধরারও কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ওপর করের চাপ অপরিবর্তিত থাকবে।”

বেকারত্ব নিয়ে বাজেটের অবস্থানকেও হতাশাজনক আখ্যা দেন নাহিদ। তিনি বলেন, “গত এক বছরে দেশে ২৬ লাখ নতুন বেকার বেড়েছে। অথচ বাজেটে কর্মসংস্থান বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যু তেমনভাবে স্থান পায়নি।”

তিনি আরও বলেন, “আমরা চেয়েছিলাম তরুণদের জন্য প্রকৃত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হোক, বিনিয়োগ বাড়ানো হোক—কিন্তু বাজেটে তা অনুপস্থিত।”

শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বাজেট আশানুরূপ নয় বলে মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন, “শিক্ষায় জিডিপির অন্তত ২ শতাংশ বরাদ্দ হওয়া উচিত ছিল, কিন্তু বরাদ্দ হয়েছে মাত্র ১.৭ শতাংশ। একই অবস্থা স্বাস্থ্য ও প্রযুক্তি খাতেও।”

সংবাদ সম্মেলনে এনসিপি মনে করে, গণঅভ্যুত্থনের মাধ্যমে তৈরি অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল—একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন অর্থনৈতিক কাঠামোর। কিন্তু বাজেট সে আশার পুরো প্রতিফলন ঘটাতে পারেনি।

তিনি বলেন, “এই বাজেট আমাদের স্বপ্নের বাংলাদেশ বা গণঅভ্যুত্থনের চেতনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন