ঈদ উদযাপনে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য সুখবর দিয়েছে দেশের স্থানীয় একটি শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর। সদস্যদের কেনাকাটা সহজ ও সাশ্রয়ী করতে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে বিশেষ ছাড় এবং সুবিধার প্যাকেজ, যা ঈদকে করে তুলবে আরও উপভোগ্য ও স্বাচ্ছন্দ্যময়।
অরেঞ্জ ক্লাবের সদস্যরা এবার ইলেকট্রোমার্ট, সিঙ্গার, বাটারফ্লাই, ওয়ালটন প্লাজা, যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এবং এম কে ইলেকট্রনিকসের মতো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড থেকে ফ্রিজ, টিভি সহ বিভিন্ন প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কেনায় বিশেষ ছাড় পাবেন। সুবিধাগুলো সীমিত সময়ের জন্য প্রযোজ্য থাকবে এবং সহজ শর্তে কেনাকাটা করা যাবে বিশেষ কোড ব্যবহার করে।
কোরবানির প্রস্তুতিতেও সদস্যদের জন্য রয়েছে বিশেষ পরিকল্পনা। প্রয়াস অ্যাগ্রো প্রতিষ্ঠান ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, বগুড়া ও জামালপুরে বিনামূল্যে পশু পৌঁছে দেয়ার পাশাপাশি পশুখাদ্য ও কোরবানি পরিষেবায় বিশেষ ছাড় দিচ্ছে। ঢাকায় শুদ্ধ খামার থেকে পশু কেনাকাটায় বিনামূল্যে হোম ডেলিভারিসহ বিভিন্ন সুবিধাও পাওয়া যাবে।
বাংলালিংকের ডিরেক্টর অব মার্কেটিং অপারেশনস মেহেদী আল আমীন বলেন, “ঈদুল আজহা আত্মত্যাগ ও একতার প্রতীক। আমরা আমাদের ক্লাব সদস্যদের ঈদ উদযাপনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবং তাদের প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সুযোগ দিতে কাজ করছি।”
অপরদিকে, অপারেটরটি জানিয়েছে, তাদের এই উদ্যোগ দেশের বাজারে অংশীদারিত্ব ও সময়োপযোগী সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনকে সহজ ও আনন্দময় করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

