ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বাংলাদেশি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৫ জুন) লন্ডনের ব্রিকলেনে ‘সাউথ বাই সাউথ ওয়েস্ট’ আন্তর্জাতিক সম্মেলন ও ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আয়োজক কমিটির একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য আয়েশা কোরেশীর সঙ্গে আলোচনায় রাজা চার্লস বলেন,
“আমি অধীর আগ্রহে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।”
তিনি আরও জানান, বহুবার ইচ্ছা থাকা সত্ত্বেও এখনো বাংলাদেশ সফর করতে না পারায় তিনি দুঃখিত। ভবিষ্যতে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি এবং মানুষের আতিথেয়তা সরাসরি উপভোগ করার ইচ্ছা ব্যক্ত করেন ব্রিটিশ রাজা।
ড. ইউনূসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং সামাজিক উদ্যোগে পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করেন রাজা চার্লস। মানবিক উন্নয়ন ও সামাজিক ব্যবসায় ড. ইউনূসের ভূমিকার প্রশংসাও করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজা চার্লস ইস্ট লন্ডনের একটি ঐতিহাসিক চার্চ ও স্পিটালফিল্ড মার্কেট পরিদর্শন করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত অনেক প্রবাসীর উপস্থিতিতে রাজাকে স্বাগত জানানো হয়, এবং তিনি কয়েকজনের সঙ্গে কুশল বিনিময়ও করেন।

