আন্তর্জাতিক পরিসরে শান্তি, মানবতা ও টেকসই উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার ব্রিটিশ রাজপরিবারের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাজার পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রকৃতি, সমাজ ও মানুষের মধ্যে সাম্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে ড. ইউনূসের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তার জন্যই তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।
রাজা চার্লস তৃতীয় ২০২৪ সালের জুন মাসে পরিবেশবান্ধব ও মানবিক জীবনধারাকে উৎসাহিত করতে এই পুরস্কার চালু করেন। পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।
উল্লেখ্য, ‘দ্য কিং’স ফাউন্ডেশন’ নামের দাতব্য সংস্থাটির তত্ত্বাবধানে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়, যার সূচনা করেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস।

