সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মানারাত ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের কর্মী পুনর্বাসন: ক্ষোভ ও হতাশা শিক্ষার্থীদের মাঝে

ডেস্ক রিপোর্ট।।

মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সদ্যঘোষিত ছাত্রদল কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ছাত্রলীগের সক্রিয় কর্মী কুতুবকে সহ-সভাপতি করায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব আল আমিন অভিযোগ করেন, “কাউন্সিলের দিন কুতুব-নিশাত প্যানেলের ভোটারদের অর্ধেকই ছাত্রলীগের কর্মী ছিলেন। এমনকি কুতুব নিজেও ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। কমিটি ঘোষণার পর উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করে বিষয়টি আমলে নেওয়ার আশ্বাস দেন।”

তিনি আরও জানান, “সভাপতি পদপ্রার্থী ইলিয়াস বিপুল সংখ্যক প্রকৃত ছাত্রদলপন্থী শিক্ষার্থী নিয়ে উপস্থিত থাকায় সর্বোচ্চ ভোট পান।”

বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও উত্তরা পশ্চিম থানা বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাফছীরুল ইসলাম সানি বলেন, “মানারাতের দুটি ক্যাম্পাস থাকলেও গুলশান ক্যাম্পাস থেকে কাউকে কমিটিতে রাখা হয়নি। সিনিয়রদের উপেক্ষা করে জুনিয়রদের নেতৃত্বে আনা হয়েছে—এটি ছাত্রদলে বিভাজনের সূচনা করতে পারে।”

তিনি আরও যোগ করেন, “একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক কমিটির প্রত্যাশা করেছিলাম। কিন্তু আশুলিয়া-কেন্দ্রিক ও পক্ষপাতদুষ্ট এই কমিটি গঠনের ফলে সেই সম্ভাবনা বিনষ্ট হয়েছে।”

ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাধারণ শিক্ষার্থী বলেন, “কুতুব, মন্ডল ও তাফি ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় আমাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করেছে। তারা কীভাবে ছাত্রদলের কমিটিতে এল—তা আমরা বুঝতে পারছি না।”

এ বিষয়ে জানতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন