ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার এক টেলিফোন সংলাপে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন এবং এই হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে আখ্যায়িত করেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, যুবরাজ হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। তিনি বলেন, “এই ধরণের হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, মতবিরোধ বা দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে বলপ্রয়োগ নয়, বরং শান্তিপূর্ণ সংলাপই হতে হবে একমাত্র পথ। যুবরাজ মতপার্থক্যের সমাধানে কূটনৈতিক ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়ার পক্ষে মত দেন।
আলোচনার সময় যুবরাজ ইরানে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হজ মৌসুমে ইরানি হাজিদের সেবার জন্য সৌদি বাদশাহ ও সরকারকে ধন্যবাদ জানান।
এ হামলার পর যুবরাজ মোহাম্মদ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গেও পৃথক ফোনালাপ করেন। আলোচনায় সবাই অঞ্চলজুড়ে উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন।

