বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ঈদের রেশ এখনো কাটেনি

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ ঈদুল আজহার ছুটি শেষে রোববার (১৫ জুন) খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়। ১০ দিনের বিরতির পর কর্মস্থলে ফিরেছেন কর্মকর্তা-কর্মচারীরা। ছুটির আমেজ কাটিয়ে ধীরে ধীরে কাজের পরিবেশে ফিরলেও, সচিবালয়ে এখনো বিরাজ করছে ঈদের উৎসবমুখর আবহ।

সকালে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, অধিকাংশ কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত হয়েছেন। অফিসের প্রথম দিনটিতে তারা সহকর্মীদের সঙ্গে কোলাকুলি, হাসিঠাট্টা আর গল্পে সময় কাটান। কেউ কেউ মিষ্টি বা খাবার নিয়ে এসেছেন সহকর্মীদের আপ্যায়নে।

তথ্য, বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও অর্থ মন্ত্রণালয়সহ একাধিক দপ্তরে স্বাভাবিক কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়।

সচিবালয়ের পার্কিং স্পেসগুলো অন্যান্য সময়ের মতোই ব্যস্ত দেখা গেছে। তবে লিফট ও করিডোরে ভিড় তুলনামূলক কম ছিল, যা ছুটি-পরবর্তী দিন হিসেবে স্বাভাবিক বলে মনে করছেন কর্মীরা।

সরকারি ছুটি শুরু হয়েছিল ৫ জুন থেকে, যা চলেছে ১৪ জুন পর্যন্ত। ৬ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এর আগেই সিদ্ধান্ত হয়েছিল ঈদের আগের দুই শনিবার (২৫ মে ও ১ জুন) অফিস খোলা রাখা হবে। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পেয়েছেন টানা ১০ দিনের বিরতি।

প্রাথমিকভাবে অনেক কর্মকর্তা-কর্মচারী জানিয়েছেন, এত দীর্ঘ ছুটি শেষে কাজে ফেরা খানিকটা অলসতার হলেও সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দও কাজ করছে। কেউ কেউ বলছেন, “কাজের চাপে ফিরতে দেরি হয়নি, কিন্তু মনে হচ্ছে এখনো ঈদই চলছে!”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন