ঈদ মানেই বিনোদনের বাড়তি খোরাক। সেই খোরাক পূরণে এবারও সিনেমা হলমুখী হয়েছেন দর্শকেরা। রাজধানীর পান্থপথে স্টার সিনেপ্লেক্সে ঈদের দিনগুলিতে দেখা গেছে দর্শকের চোখে পড়ার মতো উপস্থিতি। হলের ভেতরে-বাইরে ভিড়—সবই সিনেমার প্রতি মানুষের আগ্রহের জানান দিচ্ছে।
এই শাখায় ঈদের ছুটিতে চলছে ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রিকনিং’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘উৎসব’, ‘এশা মার্ডার: কর্মফল’ এবং বহুল আলোচিত ‘তাণ্ডব’। বাংলা সিনেমার মধ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’।
অনেকেই এসেছেন ইংরেজি ছবি দেখতে, তবে একই সঙ্গে বেশির ভাগ দর্শকের কৌতূহলও ছিল বাংলা সিনেমা ঘিরে। এক দর্শক রাকিব জানালেন, “টিকিট কেটেছি ‘মিশন ইম্পসিবল’-এর, তবে শাকিব খানের ‘তাণ্ডব’ দেখারও ইচ্ছা আছে। আগের কয়েকটা ছবিতে ওর কাজ ভালো লেগেছে।”
তাহমিনা নামে আরেক দর্শক জানালেন, “পরিবারের ২০ জন মিলে ‘তাণ্ডব’ দেখতে এসেছি। ঈদে একসঙ্গে সিনেমা দেখাটা আমাদের পারিবারিক ঐতিহ্য হয়ে গেছে।”
তবে প্রতিক্রিয়া এসেছে ভিন্ন স্বরেও। মাসুমা নামে এক মধ্যবয়স্ক দর্শক বলেন, “ছবিটা একেবারে খারাপ না, কিন্তু খুব ভালোও লাগেনি। তামিল, হিন্দি সিনেমাগুলো এখনো বেশি টানে।”
রকি নামের তরুণ একজন দর্শক ‘তাণ্ডব’ দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, “শাকিব খানের অভিনয় ছিল চোখে পড়ার মতো। আর সাবিলা নূরের বড়পর্দায় অভিষেকটাও বেশ ভালো হয়েছে।”
‘তাণ্ডব’-এর গল্প আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনার প্রেক্ষাপটে। শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, সাবিলা নূর, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।
দুঃখজনকভাবে, ঈদের সপ্তাহ পার হওয়ার আগেই সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। এতে প্রেক্ষাগৃহ ব্যবসা কতটা ক্ষতিগ্রস্ত হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন প্রযোজক ও হল মালিকেরা।

