রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচনের জন্য প্রস্তুত পুলিশ, ‘মানবিক আচরণেই সচেতনতা বাড়ছে’ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচনের সম্ভাব্য সময় এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সময় নির্ধারণ করবে নির্বাচন কমিশন। যেকোনো সময়ের জন্য আমরা প্রস্তুত। পুলিশও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।”

তবে বর্তমান পুলিশের কার্যক্রম নিয়ে জনমনে ‘নিষ্ক্রিয়তা’র যে ধারণা তৈরি হচ্ছে, তা সরাসরি অস্বীকার করেন তিনি। উপদেষ্টার ভাষ্য, “আপনারা যদি আগের ১৫ বছরের মতো ভাবেন যে পুলিশ মানেই ভয় বা পিটুনি, তাহলে ভুল করবেন। এখন আমরা মানবিক পুলিশ চাই, যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে।”

তিনি আরও বলেন, “পুলিশ এখন ভালো ব্যবহার করায় অনেকেই ভাবছেন তারা কাজ করছে না। আসলে বাস্তবে তারা আগের চেয়ে আরও বেশি সক্রিয়।”

ঈদে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, “আপনারা নিজেরাও লিখেছেন, এবারের ঈদে কোনো বড় ধরনের অশান্তি হয়নি। এটা আমাদের সম্মিলিত সফলতা।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন