লোহাগাড়ায় ডাকাত দল গ্রেপ্তার, একনালা বন্দুক ও পিকআপসহ উদ্ধার বিপুল সরঞ্জাম

জাতীয়
লোহাগাড়ায় ডাকাত দল গ্রেপ্তার, একনালা বন্দুক ও পিকআপসহ উদ্ধার বিপুল সরঞ্জাম
নিউজ ডেস্ক
২০ জুন ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে চারজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কার্তুজ, নগদ অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি বন বিভাগের সামনে এ অভিযান চালায় পুলিশ।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ডাকাতির ঘটনায় পটিয়া থানা থেকে খবর পাওয়ার পর লোহাগাড়ার চুনতি ফরেস্ট গেট এলাকায় তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিকআপ থামাতে সংকেত দিলে সেটিতে থাকা কিছু ডাকাত পালিয়ে যায়। চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উদ্ধারকৃত মালামাল:

আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়—

  1. ২টি দেশীয় একনালা বন্দুক

  2. ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ

  3. রামদা, টিপছুরি, চাকু, শাবল ও দা

  4. নগদ ১৬ হাজার টাকা

  5. ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল ও পোর্টেবল হার্ডডিস্ক

  6. টর্চলাইট ও একটি পিকআপ ভ্যান

গ্রেফতারকৃতরা:

১. আবুল কাশেম ওরফে জামাই কাশেম – পশ্চিম কাথারিয়া, বাঁশখালী, চট্টগ্রাম
২. ছাদেকুর রহমান – ফুলতলা, চকরিয়া, কক্সবাজার
৩. কামাল – চকরিয়া বাজার পাড়া, কক্সবাজার
৪. কেফায়েত হোসেন – পূর্ব বড় ভেওলা, সিকদারপাড়া, কক্সবাজার

পুলিশ সূত্রে জানা যায়, জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারে একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। কামালের বিরুদ্ধেও অস্ত্র ও চুরির দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পটিয়া থানার ফকিরপাড়া গ্রামে ডাকাতি করে কক্সবাজারের দিকে পালিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি মামলা এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে তাদের আদালতে তোলা হয়।