প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক যাচ্ছেন ১০ নভেম্বর
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর দাবি তুলে ধরতে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে যোগ দিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাবেন তিনি। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের এ তথ্য জানান বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ প্রতিবছর প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলের আওতায় অর্থায়ন বাড়ানোর দাবি জানানো হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে সহজে এ তহবিল থেকে অর্থ পেতে পারে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে সমন্বিতভাবে দাবি উত্থাপন করবে বাংলাদেশ।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনে সভাপতিত্ব করবে তুরস্ক এবং আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পাবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ ক্ষয়ক্ষতির অর্থায়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরবে।


