মিরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মী গ্রেফতার, উদ্ধার বিস্ফোরক ও দেশীয় অস্ত্র
রাজধানীর মিরপুর-২ এলাকায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাজা ককটেল ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী।
শনিবার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—শুক্কর (১৯), জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)। তারা সকলেই নিষিদ্ধঘোষিত ছাত্ররাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—
-
২টি তাজা ককটেল
-
১টি লোহার চাপাতি
-
২টি চাকু
-
১টি দা
-
১টি স্টিলের পাইপ
-
১টি মোটরসাইকেলের চেইন
-
১টি চেইন স্পোকেট
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ছাত্রদলের একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তারা মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশে জড়ো হচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত এবং একটি পাল্টা মিছিলের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা ছিল তাদের।”
আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি যারা পালিয়ে গেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।


