বিনিয়োগবান্ধব বাংলাদেশ গঠনে চারটি কৌশলগত অগ্রাধিকার: বিডা-বেজা চেয়ারম্যান
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সহায়ক করতে সরকার চারটি কৌশলগত অগ্রাধিকারের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের অংশ হলেও, বিনিয়োগের গতি যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছি।”
চৌধুরী আশিক বলেন, সরকারের মূল লক্ষ্য হলো—
-
উচ্চপ্রভাবসম্পন্ন বিনিয়োগ প্রকল্প দ্রুত বাস্তবায়ন
-
ওয়ান-স্টপ সার্ভিসের সম্প্রসারণ ও মানোন্নয়ন
-
বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানে সক্রিয় পদক্ষেপ
-
বড় বিনিয়োগের জন্য শক্তিশালী পাইপলাইন তৈরি
তিনি জানান, এই চারটি কৌশলগত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আরও প্রতিযোগিতামূলক ও লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।
বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন–২০২৫ নিয়ে এক প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলেন, “আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। দেশি-বিদেশি বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী ও অংশীজনরা নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো এবং উৎপাদন খাতে আগ্রহ প্রকাশ করেছেন।”
তিনি বলেন, সম্মেলনটি প্রমাণ করেছে যে, বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে একটি উদীয়মান ও নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
নীতিগত সুপারিশ ও বিনিয়োগকারীদের পরামর্শ সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে উল্লেখ করে তিনি বলেন, “বিনিয়োগকারীরা শুধু ব্যবসায়িক অংশীদার নন, তারা আমাদের উন্নয়ন অংশীদার। তাদের মতামত আমাদের অগ্রাধিকার খাত নির্ধারণে সহায়ক।”
উল্লেখ্য, সরকারের অগ্রাধিকার খাতের মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রবৃদ্ধি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ এবং উন্নত টেক্সটাইল খাত।


