গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
১ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ গেজেট প্রকাশ করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর (সংশোধিত ২০২৬) ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় দেওয়া ক্ষমতাবলে এবং একই আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য পোশাকশিল্প খাতে নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনকে শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এর আগে রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ড গঠনের কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। রোববার থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকেরা রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে কাজে যোগ দেবেন।