সাবেক সিইসি নুরুল হুদা আটক, থানায় হস্তান্তর

জাতীয়
সাবেক সিইসি নুরুল হুদা আটক, থানায় হস্তান্তর
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টরে তার ভাড়া বাসা ঘেরাও করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থানায় নিয়ে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাবেক সিইসির বাসা ঘিরে রাখে কিছু লোক। আমরা খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠাই এবং তার নিরাপত্তার স্বার্থে তাকে কাস্টডিতে নেওয়া হয়।”

তিনি আরও জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা থাকায়, তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সকালে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান শেরে বাংলা নগর থানায় একটি মামলা করেন, যাতে সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনকে “নির্বাচনী প্রহসনে” পরিণত করে তারা সংবিধান লঙ্ঘন করেছেন এবং গণতন্ত্র ধ্বংসে ভূমিকা রেখেছেন।

কে এম নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনে অনুষ্ঠিত হয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যা নিয়ে বিতর্ক এবং বিরোধী দলের অভিযোগ এখনো থামেনি।