মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনায় আসিফ মাহমুদের স্ট্যাটাস
কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারাই এই পরিস্থিতির জন্য দায়ী।
শনিবার (২৯ জুন) গভীর রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“মুরাদনগরে যারা আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন ও ক্ষমতায়ন করেছেন, তারাই ধর্ষণ, চাঁদাবাজি, নির্যাতনের দায় এড়াতে পারেন না।”
তিনি আরও উল্লেখ করেন,
“এর আগেও একাধিকবার চাঁদাবাজকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা হয়েছে। আজ আমার লজ্জা হয়—যে মুরাদনগর একসময় শান্তিপূর্ণ এলাকা ছিল, তা এখন মাফিয়াদের দখলে। এলাকাবাসী বলছে, সারা দেশে পরিবর্তন এলেও মুরাদনগরে দুর্বৃত্তরা আরও শক্তিশালী হয়েছে।”
পোস্টে এলজিআরডি উপদেষ্টা স্থানীয় প্রশাসনের ধর্ষকদের ধরার প্রচেষ্টার প্রশংসা করলেও তিনি সতর্ক করে বলেন,
“মূল মাফিয়াদের লাগাম না টানলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


