জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলছে ঢাকায়

জাতীয়
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলছে ঢাকায়
নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৫

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি আঞ্চলিক অফিস স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU)-এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে জানান,

“জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্কের সফরের সময় থেকেই বিষয়টি আলোচনায় ছিল। আজ উপদেষ্টা পরিষদ এতে নীতিগত সম্মতি দিয়েছে। এখন খসড়া চূড়ান্ত করে জাতিসংঘের কাছে পাঠানো হবে।”

সমঝোতা অনুযায়ী, জাতিসংঘের এই অফিস প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যক্রম চালাবে। মেয়াদ শেষে উভয় পক্ষের সম্মতিতে এটি নবায়নযোগ্য হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন,

“বাংলাদেশ মানবাধিকার ও জবাবদিহি প্রতিষ্ঠায় আগ্রহী। তাই এ ধরনের সহযোগিতাকে সরকার স্বাগত জানাচ্ছে।”

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা ছিল। গত বছর (২০২৪ সালের ২৯ অক্টোবর) সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ এই কার্যালয় স্থাপনের ঘোষণা দিলেও পরদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, বিষয়টি এখনো বিবেচনাধীন।

নতুন সিদ্ধান্তকে অনেকেই সরকারের মানবাধিকার সংলাপ ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির কৌশল হিসেবে দেখছেন।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশে জাতিসংঘের উপস্থিতি বাড়াতে চায় হাইকমিশনারের দফতর। ঢাকায় একটি অফিস খোলার মাধ্যমে গণতন্ত্র, নাগরিক অধিকার এবং বিচারহীনতা ইস্যুতে সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবে জাতিসংঘ।