আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার অভিযোগপত্র দাখিল, শুনানি আজ

অপরাধ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার অভিযোগপত্র দাখিল, শুনানি আজ
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ সকাল ১১টা ৩০ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনালে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে ২৬ জুন তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। সেখানে আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ইমরান চৌধুরী রয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানান, “আবু সাঈদ ছিলেন জুলাই গণআন্দোলনের প্রথম শহীদ। ১৬ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয় তাকে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি নিরস্ত্র ছিলেন এবং কারও ওপর আক্রমণ করেননি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই হত্যার দৃশ্য দেশে-বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। দেশজুড়ে ছাত্র সমাজের বিক্ষোভ-প্রতিবাদ ক্রমেই ব্যাপক রূপ ধারণ করে, যার পরিণতিতে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশত্যাগ ঘটে।

এই মামলার প্রক্রিয়া মানবাধিকার ও বিচার নিশ্চিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।