যুক্তরাষ্ট্রের সমর্থনে আশাবাদী অন্তর্বর্তী সরকার: আগামী বছরেই জাতীয় নির্বাচন

জাতীয়
যুক্তরাষ্ট্রের সমর্থনে আশাবাদী অন্তর্বর্তী সরকার: আগামী বছরেই জাতীয় নির্বাচন
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে আগামী বছরের শুরুতেই একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।” সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “পূর্ববর্তী সরকার নির্বাচন কমিশনের কাঠামো ভেঙে ফেলেছিল। এখন কমিশন নতুন করে ভোটার তালিকা, কেন্দ্র ও নির্বাচনী কাঠামো পুনর্গঠনে কাজ করছে। আমাদের তরুণ প্রজন্ম প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে—এটা একটি ঐতিহাসিক সুযোগ।”

টেলিফোনে আলাপটি হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ১৫ মিনিট স্থায়ী এই আলোচনা ছিল উষ্ণ ও গঠনমূলক, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য, চলমান রাজনৈতিক সংস্কার, আসন্ন নির্বাচন, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় হয়। রুবিও বাংলাদেশের নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি এবং সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক ‘পদক্ষেপ প্যাকেজ’ চূড়ান্ত করতে চায় যা প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। সেই সঙ্গে, যুক্তরাষ্ট্রে আরোপিত পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তে ধন্যবাদ জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।” তিনি রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 প্রধান উপদেষ্টা ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্বাচন-পূর্ব সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, “এই সফর আমাদের তরুণদের জন্য হবে অনুপ্রেরণাদায়ী এবং গণতান্ত্রিক উত্তরণের স্বীকৃতি।”