প্রথমবার ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

জাতীয়
প্রথমবার ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট ঢাকা সফরে আসছেন, যা হবে তার প্রথম বাংলাদেশ সফর এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের ঢাকা আগমন।

সরকার ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, তার সফরটি হবে দুই রাত এক দিনের সংক্ষিপ্ত সফর। তিনি ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এবং ১ সেপ্টেম্বর ভোরে ঢাকা ত্যাগ করবেন।

সফরের মূল আলোচ্য বিষয়গুলো হবে—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. নিয়মিত ও নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা

  2. মানব পাচার প্রতিরোধে সহযোগিতা

  3. বাণিজ্য ও বিনিয়োগ জোরদারকরণ

বাংলাদেশ থেকে ইতালিগামী অভিবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা ও বিভ্রান্তিকর তথ্য ইস্যু নিয়েও আলোচনা হবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। উল্লেখযোগ্যভাবে, মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) ইতোমধ্যে সই হয়েছে, এবং এই সফরে তার বাস্তবায়নে দিকনির্দেশনা আসতে পারে।

এই সফরের প্রস্তুতির সূত্রপাত ঘটে ২০২৫ সালের মে মাসে, যখন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় সরকারি সফরে আসেন। সেসময় যৌথ আলোচনায় মেলোনির সম্ভাব্য সফর এবং সহযোগিতার রূপরেখা ঠিক হয়।

সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে খুব শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে নিরাপত্তা, কূটনৈতিক প্রটোকল ও যৌথ বিবৃতি প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের দক্ষিণাঞ্চলে বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার ইতালি, এবং এই সফর ভবিষ্যতের দ্বিপক্ষীয় বাণিজ্য, শ্রমবাজার সম্প্রসারণ ও রাজনৈতিক কূটনীতিকে আরও গভীর করবে।

এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক উত্তরণ ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বৈদেশিক সমর্থন ও বিনিয়োগ আকর্ষণ তার কৌশলগত অগ্রাধিকার।