বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বেবিচকের চেয়ারম্যান পদে তাকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।
এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এর আগে চট্টগ্রামের পতেঙ্গাস্থ বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং (এওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
এর আগে, গত ২৬ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তবে তাকে সরানোর নির্দিষ্ট কোনো কারণ ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
নতুন চেয়ারম্যানের নেতৃত্বে বেবিচকের নীতিনির্ধারণী ও পরিচালনাগত কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।


