ভোলায় এস এ পরিবহনের কাভার্ডভ্যানে ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
ভোলায় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসব পণ্যের মধ্যে রয়েছে ২০ লাখ মিটার নতুন কারেন্ট জাল, ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন, ৫ হাজার ৮৮৯টি আতশবাজি এবং ১৯ হাজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে জেলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৫ জুলাই) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কোস্টগার্ড জানায়, রাজধানী ঢাকা থেকে আসা এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত জাল তাৎক্ষণিকভাবে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। পলিথিন হস্তান্তর করা হয় পরিবেশ অধিদপ্তরের কাছে, সিগারেট বরিশাল কাস্টমস এবং আতশবাজি ভোলা সদর থানায় পাঠানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশিদ বলেন, “দেশের উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড দিনরাত কাজ করছে। অবৈধ কারবার ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।”


