একাধিক মৃত ব্যক্তিকে সওয়াব ঈসাল করলে সবাই কি পূর্ণ সওয়াব পাবে?
এক খতম পবিত্র কোরআন তিলাওয়াত করে পাঁচজন মৃত ব্যক্তির নামে ঈসালে সওয়াব করলে প্রত্যেকেই কি পূর্ণ এক খতমের সওয়াব পাবেন, নাকি সওয়াব পাঁচজনের মধ্যে ভাগ হয়ে যাবে? বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীসহ একাধিক মৃত ব্যক্তির জন্য ইবাদতের সওয়াব উৎসর্গ করার ক্ষেত্রে শরিয়তের বিধান কী?
ইসলামি শরিয়তে কোরআন তিলাওয়াত কিংবা অন্য কোনো নফল ইবাদতের সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছানোর উদ্দেশ্যে ঈসালে সওয়াব করা জায়েজ। তবে একাধিক ব্যক্তির জন্য সওয়াব উৎসর্গ করলে প্রত্যেকে পূর্ণ সওয়াব পাবেন, নাকি তা সবার মধ্যে ভাগ হয়ে যাবে—এ বিষয়ে আলেমদের মধ্যে দুটি মত রয়েছে।
একদল আলেমের মতে, একাধিক ব্যক্তির জন্য সওয়াব উৎসর্গ করা হলে তা তাঁদের মধ্যে বণ্টিত হয়। আহমাদ ইবনে হাম্বল (রহ.) ও হাম্মাদ মাক্কী (রহ.)-সহ কয়েকজন আলেমের মত এটি।
অন্যদিকে ইবনে হাজার মাক্কি (রহ.) ও আল্লামা ইবনে আবেদীন (রহ.)-সহ অধিকাংশ আলেমের মতে, প্রত্যেক ব্যক্তিই পূর্ণ সওয়াব লাভ করেন। অর্থাৎ এক খতম কোরআন তিলাওয়াত করে পাঁচজন মৃত ব্যক্তির জন্য ঈসালে সওয়াব করলে প্রত্যেকের কাছেই পূর্ণ সওয়াব পৌঁছাতে পারে।
আলেমদের এই দুই মতের মধ্যে দ্বিতীয় মতটিকে অগ্রগণ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ, মহান আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের সঙ্গে প্রত্যেককে পূর্ণ সওয়াব দেওয়ার বিষয়টি অধিক সামঞ্জস্যপূর্ণ।
আলেমদের বক্তব্য ও শরিয়তের দলিল
বিখ্যাত ফকিহ আল্লামা ইবনে আবেদীন (রহ.)-এর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, কেউ যদি কবরবাসীদের জন্য সূরা ফাতিহা পাঠ করেন, তাহলে এর সওয়াব কি তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, নাকি প্রত্যেকেই পূর্ণ সওয়াব পাবেন?
জবাবে তিনি উল্লেখ করেন, অনেক ফকিহ দ্বিতীয় মতের পক্ষে ফতোয়া দিয়েছেন। তাঁদের মতে, প্রত্যেকেই পূর্ণ সওয়াব লাভ করবেন। মহান আল্লাহর ব্যাপক রহমত ও অনুগ্রহের সঙ্গে এই মত অধিক সামঞ্জস্যপূর্ণ।
এ ছাড়া রাসুলুল্লাহ (সা.)-এর কোরবানির হাদিস থেকেও অন্যদের জন্য সওয়াব উৎসর্গের বিষয়টি প্রমাণিত হয়।
আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) কোরবানির পশু জবাই করার সময় দোয়া করতেন, হে আল্লাহ! আপনি মুহাম্মাদ, তাঁর পরিবার এবং তাঁর উম্মতের পক্ষ থেকে এটি কবুল করুন। (সহিহ মুসলিম, হাদিস: ১৯৬৭)
আল্লামা ইবনে আবেদীন (রহ.) আরও বলেছেন, নফল সদকা করার সময় সব মুমিন নর-নারীর জন্য সওয়াবের নিয়ত করা উত্তম। এতে সবার কাছে সওয়াব পৌঁছায় এবং আমলকারীর নিজের সওয়াব থেকেও কোনো অংশ কমে না। এটিই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঈসালে সওয়াবের উত্তম পদ্ধতি কী?
আলেমদের বক্তব্য অনুযায়ী, কোরআন তিলাওয়াত, নফল নামাজ, সদকা কিংবা অন্য কোনো নফল ইবাদতের সওয়াব মৃত ব্যক্তিদের জন্য উৎসর্গ করা যায়। এ ক্ষেত্রে শুধু নির্দিষ্ট কয়েকজন আত্মীয়ের নাম উল্লেখ করার পরিবর্তে সব মুমিন নর-নারীর জন্যও সওয়াব পৌঁছানোর নিয়ত করা উত্তম।
সুতরাং বাবা-মা, দাদা-দাদী, নানা-নানীসহ আত্মীয়স্বজন এবং সব মুসলিম নর-নারীর জন্য ঈসালে সওয়াবের নিয়ত করা যেতে পারে। আল্লাহর রহমতের ওপর ভরসা রেখে আশা করা যায়, তিনি প্রত্যেককে পূর্ণ সওয়াব দান করবেন এবং আমলকারীকেও তাঁর অনুগ্রহ থেকে বঞ্চিত করবেন না।


